ভারতের ত্রিশূরের একটি আতশবাজির কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় আরও ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহ বিস্ফোরণে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ চাপা পড়ে আছেন কি না তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
ত্রিশূর পুলিশ কমিশনার নকুল রাজেন্দ্র দেশমুখ জানান, সামনেই ত্রিশূর পুরম উৎসব। ওই উৎসবকে ঘিরে মুন্ডাথিকোড়ের বাজি কারখানাটিতে জোরকদমে আতশবাজি তৈরির কাজ চলছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কারখানাটি। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তেই আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের কুণ্ডলী দেখা গেছে।
তিনি আরও জানান, খবর পেয়ে দমকলের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে আটটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কারখানার লাইসেন্সধারী সতীশও রয়েছেন।
পুলিশ কমিশনার আরও বলেন, দুর্ঘটনার সময় কারখানার ভেতরে অন্তত ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। দুপুরে ওই ৪০ জনের জন্য খাদ্য বরাদ্দ থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।