পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে আজকেই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ এপ্রিল) ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে এ কথা বলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ঠিক কোন সময়সীমার কথা বলছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না। কারণ বার্টিরোমোর সঙ্গে ফোনকলটি কখন হয়েছিল, সেটিও পরিষ্কার নয়।
এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছেন।
তারও আগে তিনি সতর্ক করে বলেন, কোনো চুক্তি স্বাক্ষরিত না হলে তিনি ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।
ইরান এই দাবির সত্যতা নিশ্চিত করেনি কিংবা ইসলামাবাদে প্রতিনিধিদল পাঠানোর কোনো সিদ্ধান্তও ঘোষণা করেনি।
তবে, পাকিস্তানি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, তেহরান ‘দ্বিতীয় দফা বৈঠকের জন্য ইচ্ছুক’। কিন্তু এ বিষয়ে ‘এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি’।
ট্রাম্প রোববার ঘোষণা করেছেন, জেডি ভ্যান্স, দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফা আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।
১৯৭৯ সালে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর প্রথম সরাসরি উচ্চ-পর্যায়ের ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক হয় ১১-১২ এপ্রিল। পাকিস্তান এই সংলাপের আয়োজন করেছিল। কিন্তু সেই আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।