হরমুজ প্রণালি আবারও বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (১৮ এপ্রিল) আইআরজিসির যৌথ সামরিক কমান্ডের দেওয়া বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, এই কৌশলগত জলপথটি আবারও ‘আগের অবস্থায়’ অর্থাৎ কঠোর সামরিক নিয়ন্ত্রণে ফিরে গেছে। যুক্তরাষ্ট্রের চলমান বন্দর অবরোধ এবং কথিত ‘সামুদ্রিক চুরির’ পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান।
আইআরজিসির যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে মূলত জলদস্যুতা ও সামুদ্রিক চুরি করেই যাচ্ছে। এর প্রতিবাদে হরমুজ প্রণালিকে পুনরায় সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও সরাসরি তত্ত্বাবধানে নিয়ে আসা হয়েছে।
বিবৃতিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ইরান থেকে ছেড়ে যাওয়া বা ইরানের উদ্দেশে আসা জাহাজগুলোর চলাচলের পূর্ণ স্বাধীনতা যুক্তরাষ্ট্র যতদিন ফিরিয়ে না দেবে, ততদিন হরমুজ প্রণালির ওপর এই কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মূলত মার্কিন নৌ অবরোধ বহাল রাখার প্রতিক্রিয়ায় ইরান এই কৌশলগত পথটিকে পুনরায় দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই প্রণালিটি পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আইআরজিসির এই নতুন ঘোষণা শর্ত দিয়েছিল, যদি যুক্তরাষ্ট্রের ইরানি বন্দরে অবরোধ বহাল থাকে তাহলে প্রণালিটি আবারও বন্ধ করে দেওয়া হবে। এর প্রতিক্রিয়ায় হরমুজ খুলে দেওয়ার এক দিনের মাথায় কঠোর এ পদক্ষেপ নিল ইরান।