যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতি আরও কঠোর করেছে। এরই মধ্যে এই অঞ্চলে তাদের প্রতিদ্বন্দ্বীদের সমর্থনকারী ২৬ জনের ভিসা বাতিল করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পশ্চিম গোলার্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতির সম্প্রসারণের অংশ হিসেবে এ ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জারি করা এক বিবৃতিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে।
সংস্থাটি জানায়, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শত্রু শক্তিগুলোকে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ সম্পদ দখল বা নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য হুমকি সৃষ্টি করতে দেবে না।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বর্তমান ভিসা নিষেধাজ্ঞা নীতির একটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ করা হয়েছে। এই নীতির লক্ষ্য হলো সেইসব ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যারা যুক্তরাষ্ট্রের শত্রুদের সঙ্গে সহযোগিতা করে এবং আঞ্চলিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সার্বভৌমত্বসহ মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করে। নতুন এই নীতির আওতায় পশ্চিম গোলার্ধের দেশগুলোতে অবস্থানরত এমন ব্যক্তিদের মার্কিন ভিসা সীমিত করা হবে, যারা প্রতিপক্ষ দেশ, তাদের প্রতিনিধি বা কোম্পানির পক্ষে কাজ করে, যুক্তরাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা, অনুমোদন বা অর্থায়ন করে এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে উল্লেখযোগ্য সমর্থন প্রদান করে।
স্টেট ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, এই ব্যক্তিরা এবং তাদের নিকটাত্মীয়রা সাধারণত যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
সংস্থাটি আরও জানায়, কিছু নির্দিষ্ট কার্যকলাপের কারণে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর মধ্যে রয়েছে : প্রতিপক্ষ শক্তিকে কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদ ও অবকাঠামোর নিয়ন্ত্রণে সহায়তা করা, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল করা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন করা এবং বিভিন্ন দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা দুর্বল করতে প্রভাব বিস্তার করা।
এই নীতির অংশ হিসেবে পশ্চিম গোলার্ধের ২৬ জন ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মার্কিন সরকারের মতে, তারা উল্লিখিত কার্যকলাপের সঙ্গে জড়িত। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের নাম বা তাদের নির্দিষ্ট কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্টেট ডিপার্টমেন্ট জোর দিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা ও আমেরিকান স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।