পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যে প্রথম নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একযোগে আক্রমণ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার মুর্শিদাবাদের এক বিশাল জনসভায় দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে।
রাহুল গান্ধী তাঁর ভাষণে বিজেপি ও আরএসএস-এর কড়া সমালোচনা করে বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। আমি কথা দিচ্ছি, যাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাঁদের প্রত্যেকের নাম পুনরায় তালিকায় যুক্ত করা হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে তিনি বলেন, “মোদীজি ভোট চুরি করছেন, দেশে বেকারত্ব ও হিংসা ছড়াচ্ছেন। তিনি দুই ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। আর এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেস নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে।”
তৃণমূল কংগ্রেসের কড়া সমালোচনা করে রাহুল গান্ধী আরও যোগ করেন, “পশ্চিমবঙ্গে আজ তৃণমূল কংগ্রেস বিজেপির পথ প্রশস্ত করে দিচ্ছে। রাজ্যে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, হিংসা বাড়ছে। বেকারত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ আজ এক নম্বরে পৌঁছে গেছে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুর্শিদাবাদ ও মালদা অঞ্চলে তৃণমূল-বিরোধী মুসলিম ভোট কংগ্রেসের একটি বড় শক্তি। সেই ভোট ব্যাংক ধরে রাখতেই রাহুলের এই সুর চড়ানো। উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে কংগ্রেস এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বহরমপুরের পাঁচবারের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এবার বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়ছেন। রাহুলের এই সফর কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা জোগাবে বলে মনে করা হচ্ছে।