ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) কোনো হামলা চালানোর খবর অস্বীকার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর আগে কুয়েত অভিযোগ করেছিল যে, যুদ্ধবিরতি চললেও তেহরান ও তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলো হামলা অব্যাহত রেখেছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে নিঃসন্দেহে এটি জায়নবাদী শত্রু (ইসরায়েল) অথবা যুক্তরাষ্ট্রের কাজ।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির মধ্যেই বৃহস্পতিবার ড্রোন হামলায় কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের আকাশসীমায় ঢুকে পড়া ড্রোনের বিরুদ্ধে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার ঘোষণার পর ক্ষয়ক্ষতির এ খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোন হামলায় দেশটির ন্যাশনাল গার্ডের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ন্যাশনাল গার্ড কুয়েত সশস্ত্র বাহিনীর একটি আধাসামরিক শাখা।