দখলদার অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই পোস্টটি করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এর তীব্র নিন্দা জানায়। এর পরপরই পোস্টটি মুছে ফেলা হয়।
বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।
মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছিলেন, ‘ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে—প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন—রক্তপাত থামছেই না।’
তিনি আরও লিখেছিলেন, ‘আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে এই ‘ক্যান্সারসদৃশ রাষ্ট্র’ তৈরি করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে।’
খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।
এতে বলা হয়, এই ধরনের মন্তব্য কোনো সরকারের কাছ থেকেই বরদাস্ত করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।