মার্কিন নাগরিকদের এ বছর হজ পালনের উদ্দেশে সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের। নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) রিয়াদস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বিজ্ঞপ্তিতে বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মার্কিন নাগরিকদের এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
পরামর্শে বলা হয়, বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকলেও সৌদি আকাশসীমায় মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এর কারণে রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু থাকলেও যাত্রীদের ফ্লাইট স্ট্যাটাস নিয়মিত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া হজ ‘২০২৬’–কে সামনে রেখে বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। এ সময় হজ পারমিট, মক্কার রেসিডেন্স আইডি বা বৈধ কর্ম পারমিট ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগে মক্কা ত্যাগ করতে হবে।
আমেরিকার নাগরিকদের জন্য বলা হয়েছে, হজ পালনের ক্ষেত্রে অবশ্যই সৌদি সরকারের নির্ধারিত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে বৈধ হজ পারমিট ও ভিসা নিতে হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে প্রবেশ নিষিদ্ধের পাশাপাশি জরিমানা, আটক বা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে।
এ ছাড়া উল্লেখ করা হয়েছে, ওমরাহ ভিসায় প্রবেশের শেষ তারিখ ছিল ৩ এপ্রিল এবং এই ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এসব নিয়ম জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে বলে জানানো হয়েছে।