ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র সাইয়েদ মেহদী তাবতাবেই বলেছেন, যুদ্ধের ক্ষতিপূরণ পেলে হরমুজ প্রণালি চালু করে দেবে তেহরান। মঙ্গলবারের (৭ এপ্রিল) মধ্যে চুক্তিতে এসে হরমুজ প্রণালি না খুললে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সবকিছু গুঁড়িয়ে দেওয়ার হুমকির পর এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেছেন, ‘তারা (ইরান) যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি।’ তিনি বলেন, ‘শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরানজুড়ে সেতু আর বিদ্যুৎকেন্দ্রগুলো ধসে পড়ছে।’
তবে এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন, কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি।
অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির বিষয়ে ট্রাম্প এর আগে যেসব দাবি করেছিলেন তার কোনো ভিত্তি নেই।