প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল-বুসাইদীর সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১ এপ্রিল) তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের উদ্দেশ্যে লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে প্রধানমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানের নেতৃত্ব, সরকার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের গভীর সংহতি প্রকাশ করেন। তিনি ওমানের ওপর সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ওমানে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশির নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপের জন্য ওমান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রয়োজনে ওমানের পাশে থাকার অঙ্গীকারও চিঠিতে ব্যক্ত করা হয়।
বৈঠকে হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ নিরসনে মধ্যস্থতা এবং আঞ্চলিক শান্তি, সংলাপ ও কূটনীতি জোরদারে ওমানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও ওমানের বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ সফর করছেন। এই সফরের লক্ষ্য হলো সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ এবং তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততা আরও জোরদার করা।