মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব কার্যত নির্মূল হয়ে গেছে। এছাড়া ইরান এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে আলোচনার পথ খুঁজছে বলেও মন্তব্য করেছেন তিনি। মিয়ামিতে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ প্রায়োরিটি সামিটে দেওয়া এক ভাষণে ট্রাম্প এই কথা বলেন করেন।
ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরানের নৌবাহিনী এখন পারস্য উপসাগরের তলদেশে। তাদের বিমানবাহিনী পুরোপুরি অকেজো হয়ে পড়েছে।’ এছাড়া ইরানের বিমান বিধ্বংসী ব্যবস্থা এবং যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও জানান, মার্কিন বাহিনী অভাবনীয় পর্যায়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে শূন্যে নামিয়ে এনেছে।
যুদ্ধের এই নাজুক পরিস্থিতিতে ইরান এখন সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে বলেও দাবি করেন ট্রাম্প। মিয়ামির ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা এখন আলোচনার পথ খুঁজছে। একটি চুক্তির জন্য তারা আক্ষরিক অর্থেই ভিক্ষা করছে।’
এদিকে গত ১৬ মার্চ হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প মোজতবা খামেনির অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমরা জানি না তিনি জীবিত কিনা, তবে তাকে কোথাও দেখা যাচ্ছে না—যা খুবই অস্বাভাবিক।’
ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এমন দাবির বিপরীতে এখনো কোনো জোরালো প্রতিক্রিয়া বা মোজতবা খামেনির কোনো সাম্প্রতিক ছবি প্রকাশ করা হয়নি, যা এই জল্পনাকে আরও উসকে দিচ্ছে।