বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরান-আমেরিকা উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইয়েমেন এবং ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ভূমিকা।
ইসরায়েলের অভিযোগ, ইয়েমেন থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি মিসাইল ছোড়া হয়েছে, যা আমরা শনাক্ত করেছি।
শনিবার (২৮ মার্চ) ওই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেছে আইডিএফ। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ওপর হামলা চালায়। পাল্টা জবাবে এরপর আক্রমণ শুরু করে তেহরান।
দেশটি ইসরায়েল এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।
এই যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক মাস পর সরাসরি জড়ানোর ইঙ্গিত মিলছে ইয়েমেনের হুথিরা। দেশটিতে সক্রিয় ইরান-সমর্থিত হুতি মুভমেন্ট এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে- ইরানের ওপর হামলা বাড়লে তারা নীরব থাকবে না। সেই সতর্কবার্তার পরই ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ সামনে এসেছে।
এর আগেও, ২০২৩ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে হুতি গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ইরান-ইসরায়েল সংঘাতে হুতি গোষ্ঠী পূর্ণমাত্রায় জড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল ও অস্থির হয়ে উঠতে পারে।