১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ‘অপারেশন সার্চলাইট’-এর সময় সংঘটিত গণহত্যা ও নৃশংসতার বিষয়টি আবারও তুলে ধরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এই ইস্যুতে বাংলাদেশের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন সার্চলাইট’-এর সময় ব্যাপক হত্যাযজ্ঞ, নির্যাতন ও নারীদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতা চালানো হয়। পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ওই সময় প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। এটি বিশ্বব্যাপী মানবিক সংকট তৈরি করেছিল এবং আন্তর্জাতিক বিবেককে নাড়িয়ে দিয়েছিল।
তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তান এখনো সেই যুদ্ধাপরাধ ও গণহত্যার বিষয়টি অস্বীকার করে আসছে।
তিনি আরও বলেন, গণহত্যার বিচার ও ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে দাবি রয়েছে, ভারত সেই অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।