যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি ও যানবাহন কেঁপে ওঠে।
জানা যায়, স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারে ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বিকেলে হঠাৎই শোধনাগারটিতে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সেখান থেকে বিষাক্ত কালো ধোঁয়া নির্গত হতে শুরু করে, যা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতির কারণে শহর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার এবং দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশ জারি করে।
টেক্সাস উপসাগরীয় উপকূল ও টেক্সাস-লুইজিয়ানা সীমান্তের কাছে অবস্থিত এই ভ্যালেরো শোধনাগারটি ওই অঞ্চলের অন্যতম বড় জ্বালানি উৎপাদন কেন্দ্র। এখানে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন এবং প্রতিদিন গড়ে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট জ্বালানি উৎপাদন করা হয়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের একজন প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তারা সুরক্ষিত রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের পর পুরো এলাকায় পচা ডিমের মতো তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা মূলত রাসায়নিক বা সালফারের গন্ধ বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কয়েক মাইল দূরের গ্রোভস শহরের বাসিন্দারাও জানান তাদের বাড়িঘর কেঁপে উঠেছিল।
জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও গভীর তদন্ত প্রয়োজন।
এদিকে, কর্তৃপক্ষের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক স্থানীয় বাসিন্দারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল। অন্য এক বাসিন্দা আশঙ্কা প্রকাশ করে জানান, এই ক্ষতিকারক রাসায়নিকগুলো শুধু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না থেকে পুরো বাতাসের সাথে চারদিকে ছড়িয়ে পড়ছে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট