ইরানে সম্প্রচারিত লন্ডনভিত্তিক টিভি চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর কার্যক্রম নিয়ে ব্যাপক আপত্তি তুলেছে ইরানের সেনাবাহিনী। খাতাম আল-আম্বিয়ার সদরদপ্তর হুমকি দিয়ে জানিয়েছে, ইরান ইন্টারন্যাশনালকে কেউ ‘সহযোগিতা’ করলে তারাও লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।
সোমবার (১৬ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
খাতাম আল-আম্বিয়া হলো ইরানি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি শাখা। ইরানের বিভিন্ন সামরিক ইউনিটের মাধ্যমে এটি পরিচালিত হয়। এছাড়াও এই সংগঠনের মাধ্যমে ইরানিরা বিভিন্ন অভিযানের পরিকল্পনা ও সমন্বয় করে থাকে।
খাতাম আল-আম্বিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ওই জায়নবাদী আন্তর্জাতিক নেটওয়ার্ক এ অঞ্চলের কয়েকটি দেশের স্যাটেলাইট সক্ষমতা ও গণমাধ্যম অবকাঠামো ব্যবহার করছে। তারা অস্থিরতা সৃষ্টি ও মিথ্যা বিবৃতি তৈরি করে অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র ও (ইসরায়েলের) জায়নবাদী শাসকদের লক্ষ্য পূরণে সহায়তা করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি। যদি আপনারা এই অশুভ ও শয়তানিতে ভরপুর নেটওয়ার্ককে সহায়তা অব্যাহত রাখেন, তাহলে সহযোগীদের ইরানের হামলার লক্ষ্যবস্তুর অন্তর্ভুক্ত করা হবে।
তবে, ইরান ইন্টারন্যাশনাল ‘এ অঞ্চলের’ কোন দেশে বা অবস্থানে থাকা অবকাঠামো ব্যবহার করছে কি না, তা এখনো জানা যায়নি।
২০২২ সালে ইরান ইন্টারন্যাশনালকে ‘জঙ্গি সংগঠন’ আখ্যা দেয় তেহরান। সাম্প্রতিক মাসগুলোতে ওই গণমাধ্যমটিকে ‘ইসরায়েলের দোসর’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান।
এছাড়াও, তাদের সঙ্গে কোনো সম্পৃক্ততাকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ বলে মনে করছে তেহরান।
উল্লেখ্য, গতকাল রোববার (১৫ মার্চ) ইরান জানিয়েছে, তারা ওই সংবাদমাধ্যমকে ছবি ও তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করেছে।