কানাডার অন্টারিও প্রদেশে ভুয়া পাসপোর্টসহ তিন কানাডিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্টারিওর ফোর্ট এরি এলাকায় অবস্থিত পিস ব্রিজ সীমান্তের প্রবেশ পথে তাদের গ্রেপ্তার করা হয়।
আরসিএমপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দিকে যাওয়ার পথে ভুলবশত তারা ব্রিজের দিকে চলে যায়। পরে সেখান থেকে ফিরে আসার সময় কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি কর্মকর্তারা তাদের আটক করে।
পরে তল্লাশি করতে গিয়ে তাদের কাছ থেকে ছয়টি ভুয়া পাসপোর্ট, জাল নথি তৈরির সরঞ্জাম, প্রায় ২৪ হাজার ডলারের মার্কিন ও কানাডিয়ান মুদ্রা, ৮৪টি ক্রেডিট, ডেবিট ও গিফট কার্ড এবং মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশ বলছে, জাল নথি রাখা, চুরি বা প্রতারণার মাধ্যমে পাওয়া ব্যাংক কার্ড রাখা এবং বিভিন্ন কানাডিয়ান ব্যাংক থেকে পাঁচ হাজার ডলারের বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ওই তিনজনকে।
গ্রেপ্তারকৃতরা হলেন: গ্রানবি প্রদেশের ডোমেনিকো চেরুবিনি (৫১), কুইবেক প্রদেশের মিন গুয়েন (৪০) এবং মন্ট্রিয়াল প্রদেশের ক্রিশ্চিয়ানো এনডিজেয়ি (৩৩)।
এ বিষয়ে মন্ট্রিয়াল রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সুপারিনটেনডেন্ট ডেল ফুট এক বিবৃতিতে বলেন, সীমান্তে এসব জাল নথি ও সংশ্লিষ্ট সামগ্রী আটক হওয়া প্রমাণ করে, কানাডার সীমান্ত নিরাপত্তা রক্ষা ও পরিচয় ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত, প্রতিরোধ ও তদন্তে বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে। আগামীতেও এমন কাজ অব্যাহত থাকবে।