স্পেন ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতকে স্থায়ীভাবে প্রত্যাহার করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনার কারণে দুই দেশের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্ক জটিলতর হয়ে ওঠেছে। বুধবার (১১ মার্চ ) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেল আবিবে দূতাবাস এখন একজন ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ বা অন্তর্বর্তীকালীন প্রধান দ্বারা পরিচালিত হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা যুদ্ধে দুই দেশের সম্পর্ক তলানিতে গেছে। এর আগে, গত মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে ইসরায়েল তাদের রাষ্ট্রদূতকে স্পেন থেকে প্রত্যাহার করেছিল।
ফেব্রুয়ারি মাসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে কূটনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। মার্চের শুরুতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার স্পেনকে ‘স্বৈরশাসকদের সহযোগী’ হিসেবে অভিহিত করেন।
এরপর, গত বছরের সেপ্টেম্বরে কূটনৈতিক বিবাদের কারণে স্পেন তাদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফেরত পাঠিয়েছিল। স্পেন গাজা যুদ্ধে ব্যবহারের জন্য যে কোনো ইসরায়েলি অস্ত্রবাহী বিমান বা জাহাজকে তাদের বন্দর ও আকাশপথ ব্যবহার করতে নিষেধ করেছিল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই পদক্ষেপকে ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছিলেন।