ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জ্বালানি স্বল্পতা মোকাবিলায় আমলাদের জ্বালানি সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে আমলাদের বিদেশ সফর বাতিল ও লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) থাইল্যান্ড সরকারের এক মুখপাত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করে।
সরকারের মুখপাত্র আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
জ্বালানিমন্ত্রী আত্তাপোল রের্কপিবুন জানিয়েছেন, থাইল্যান্ডে ৯৫ দিনের জ্বালানি মজুত রয়েছে। দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সংগ্রহের চেষ্টা করছে। তবে বর্তমানে চাহিদা কমানোর ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্যমতে, দেশটির জ্বালানি চাহিদার প্রায় ৬৮ শতাংশ মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি গ্যাসের ৩৫ শতাংশ আমদানি করা হয়, যার মধ্যে ১৩ শতাংশ আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে।
জ্বালানি সংকট চরম আকার ধারণ করলে সিনেমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মলে আলোকসজ্জা কমানো এবং গ্যাস স্টেশনগুলো রাত ১০টার মধ্যে বন্ধ করার পরিকল্পনার কথা থাই সরকার বিবেচনা করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।