ইরান যুদ্ধে বিশ্বব্যাপী তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তার মধ্যেই আমেরিকা জানাল, তারা একটি তৈল শোধনাগার তৈরি করতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তৈল শোধনাগার তৈরির কথা ঘোষণা করেন।
তিনি জানান, গত ৫০ বছরে আমেরিকা কোনো তৈল শোধনাগার তৈরি করেনি। ৫০ বছরের মধ্যে প্রথম এই তৈল শোধনাগার তৈরি করা হচ্ছে। আর তাতে বিনিয়োগ করছে মুকেশ আম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ট্রাম্প বলেন, ‘আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, টেক্সাসের ব্রাউনসভিলে আমেরিকা একটা তৈল শোধনাগার তৈরি করছে। আমেরিকার গত ৫০ বছরের ইতিহাসে এটা প্রথম।’
এর জন্য রিলায়্যান্সকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই তৈল শোধনাগারের জন্য রিলায়েন্সের সঙ্গে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। একে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানান, টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে তৈরি হচ্ছে নতুন তৈল শোধনাগারটি। ট্রাম্পের কথায়, ‘এটি আমেরিকার জাতীয় নিরাপত্তা জোরদার করবে। বৃদ্ধি করবে আমেরিকার জ্বালানি উৎপাদনও। এটা বিশ্বের সবচেয়ে পরিষ্কার শোধনাগার হবে।’
তার মতে, এই শোধনাগার থেকে বিশ্বব্যাপী তেল সরবরাহের পথ আরও মসৃণ হবে। বাড়বে কর্মসংস্থানও। তবে এ ক্ষেত্রে ‘আমেরিকান ফার্স্ট’ নীতি অবলম্বন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তার কথায়, ‘প্রথম সুযোগ পাবেন আমেরিকানরাই।’