যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চলমান যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পেলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেন তিনি।
যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, তারা তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ওয়াশিংটনের এ দাবি প্রত্যাখ্যান করে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি বলছে, মাতৃভূমি রক্ষায় তারা আগের চেয়ে বেশি পরিমাণে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে।
এদিকে এক বিবৃতিতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, হামলা পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যাবে না তেহরান।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আব্বাস আরাগচি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল) প্রথম পরিকল্পনা (প্ল্যান এ) ব্যর্থ হয়েছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে। কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই। আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে।