শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নেপালে সাধারণ নির্বাচন আজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

বাংলাদেশের মতো ২০২৫ সালের সেপ্টেম্বরে গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর, আজ বৃহস্পতিবার নেপালে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির স্থানীয় সময় সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত। রাজধানী কাঠমান্ডুর সড়কে আজ সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

দেশটির সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি সভার (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচনে নিবন্ধিত ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৯০ লাখ। এর মধ্যে ৮ লাখ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। নির্বাচনে ৩ হাজার ৪০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে হাজারের বেশির বয়স ৪০ বছরের কম।

২০১৫ সালে সংবিধান সংশোধনের ফলে নেপালে মিশ্র পদ্ধতিতে ভোট গ্রহণ পদ্ধতি চালু আছে। ভোটাররা সরাসরি ভোট (ফার্স্ট পাস্ট দ্য পোস্ট) এবং আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমন্বয়ে ২৭৫ জন সংসদ সদস্য নির্বাচন করবেন। এর মধ্যে সরাসরি ভোটে ১৬৫ এবং আনুপাতিক ভোটে ১১০ প্রার্থী নির্বাচিত হবেন।

দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে উঠে আসা তরুণ শক্তি ও দীর্ঘদিনের পুরোনো রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে এবারের নির্বাচনে কঠিন লড়াই হবে। দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক দলকে এবার টক্কর দিচ্ছে নতুন একটি দল। এই দলের নেতৃত্বে আছেন সাবেক র‍্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। ক্ষমতাচ্যুত কে পি শর্মা অলিও প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। দুজনই লড়ছেন দেশটির পূর্বাঞ্চলীয় শান্ত শহর ঝাপা-৫ থেকে।

নেপাল কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ১৯৯০ সাল থেকে দেশটিতে ৩২ বার সরকার পরিবর্তন হয়েছে। গত সেপ্টেম্বরে নেপালে জেন–জি আন্দোলনে কে পি শর্মা অলির সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রধান হিসেবে শপথ নেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কারকি।

সুশীলা কারকির দায়িত্ব গ্রহণের পর, ভোটার তালিকায় প্রায় ১০ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাদের অধিকাংশই তরুণ। এই নতুন ভোটাররা নেপালের রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং উন্নত মজুরিসহ কর্মসংস্থান সৃষ্টির দাবিকে আরও জোরালো করে তুলেছে।

নির্বাচনী লড়াইয়ে একদিকে রয়েছে কয়েক দশক ধরে রাজনীতি নিয়ন্ত্রণ করা নেপালি কংগ্রেস (এনসি) এবং কমিউনিস্ট পার্টি অব নেপালের (ইউএমএল) মতো পুরোনো দলগুলো। এই দলগুলোর জোটের সঙ্গে কঠিন লড়াই হবে তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) । বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনে কোনো একক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম।

র‍্যাপ গায়ক হিসেবে জনপ্রিয় মুখ ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ গত জানুয়ারিতে তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে যোগ দেন এবং তিনি দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এর আগে, কাঠমান্ডুর মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102