রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বেড়েছে তেলবাহী গাড়ির চাপ, ডিপোর সামনে দীর্ঘ সারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তবে অতিরিক্ত তেল সংগ্রহের উদ্দেশ্যে পেট্রোল পাম্প মালিকদের ভিড়ের কারণে ডিপোর সামনে তেলবাহী গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে ডিপোর সামনে তেলবাহী লরির দীর্ঘ লাইন দেখা যায়। এতে সাধারণ যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মেঘনা ডিপোর ম্যানেজার আমিনুল ইসলাম জানান, বর্তমানে ডিপোতে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে। তবে কর্তৃপক্ষ পেট্রোল পাম্প মালিকদের জন্য নির্ধারিত বরাদ্দের তুলনায় প্রায় ২০ শতাংশ এবং এজেন্টদের জন্য ৫০ শতাংশ কম তেল দেওয়ার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, ডিপোতে তেলের কোনো সংকট নেই। কিন্তু অনেক পাম্প মালিক একসঙ্গে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুত করার উদ্দেশ্যে ডিপোতে আসছেন। এতে করে তেলবাহী গাড়ির চাপ বেড়ে গেছে এবং ডিপোর সামনে দীর্ঘ সারি তৈরি হয়েছে।

ডিপোতে তেল নিতে আসা লরিচালক সোহেল জানান, বেলা ১১টা থেকে তিনি লাইনে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, আমি গাজীপুরে তেল নিয়ে যাব। কিন্তু দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে।

ডিপো সূত্রে জানা যায়, কে আগে ডিপোর ভেতরে প্রবেশ করবে এ প্রতিযোগিতায় অনেক চালক সড়কের ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখছেন। ফলে ডিপোর আশপাশের সড়কে যানজট তৈরি হচ্ছে এবং সাধারণ যানবাহন চলাচলে ভোগান্তি বাড়ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102