মার্কিন ও ইসরায়েলের যৌথভাবে ইরান আক্রমণ করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। পারস্য উপসাগরের তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই জ্বলছে। এতে শুধু প্রাণহানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতিই হচ্ছে না, ধসে যাচ্ছে পর্যটন শিল্পও। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন।
মঙ্গলবার (৩ মার্চ) চতুর্থ দিনের মতো যুদ্ধ অব্যাহত থাকায় খাবার সংকট দেখা দিতে পারে- এ আশঙ্কায় খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। যুদ্ধকালীন ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।
ইরান সব খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে।
সরকারি এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব খাদ্য ও কৃষি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সরকার জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে।