ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এই ভয়াবহ হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক এক্স বার্তায় এ হুঁশিয়ারি দেন তিনি।
এক্স বার্তায় আব্বাস আরাঘচি লিখেন, ‘মিনাবে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে বোমা হামলা চালানো হয়েছিল, যখন ছোট ছোট শিক্ষার্থীরা সেখানে পড়ছিল। শুধুমাত্র এই স্থানেই কয়েক ডজন নিরীহ শিশুকে হত্যা করা হয়েছে। ইরানি জনগণের বিরুদ্ধে এই অপরাধের কঠিন জবাব দেওয়া হবে।এর আগে, ইরানের হরমোজগান প্রদেশের মিনাব কাউন্টিতে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ট্রেন্ড।
ট্রেন্ড প্রতিবেদন অনুসারে, প্রদেশের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সহকারী আহমেদ নাফিসি স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামলার সময় সকালে বিদ্যালয়ে প্রায় ১৭০ জন ছাত্রী উপস্থিত ছিল। তাদের মধ্যে অন্তত ৪০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহতদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।