পাকিস্তানের হামলার কড়া সমালোচনা করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা এবং সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে কারজাই বলেন, ‘আফগানরা সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে মাতৃভূমি রক্ষা করবেন এবং সাহসের সঙ্গে যেকোনো আগ্রাসনের জবাব দেবেন।’
পাকিস্তানি নীতির সমালোচনা করে হামিদ কারজাই বলেন, পাকিস্তান নিজে যে সহিংসতা ও বোমা হামলার পরিস্থিতি তৈরি করেছে, তা থেকে এভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর পরিবর্তে ইসলামাবাদের উচিত তাদের বর্তমান নীতি পরিবর্তন করা।
সাবেক এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘পাকিস্তানকে অবশ্যই প্রতিবেশীসুলভ আচরণের পথ বেছে নিতে হবে। আফগানিস্তানের সঙ্গে সম্মান ও সুসম্পর্কের নীতি অনুসরণ করাই হবে বুদ্ধিমানের কাজ।’
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানের ওপর আফগান বাহিনীর হামলার জেরে দুই দেশে লড়াই ছড়িয়ে পড়েছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য শহরে বোমা হামলা চালিয়েছে ইসলামাবাদ। পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
আফগান বাহিনীর হামলায় পাকিস্তানি সেনা হতাহত হওয়ার পর আফগানিস্তানের প্রধান শহরগুলোতে পাকিস্তানের সিরিজ বিমান হামলার প্রেক্ষাপটে ঘোষণাটি এলো। খাজা আসিফ লিখেছেন, ‘সরাসরি এবং বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পাকিস্তান সব রকম চেষ্টা করেছিল। পাকিস্তান পূর্ণাঙ্গ কূটনৈতিক তৎপরতাও চালিয়েছিল।’
খাজা আসিফ আরও যোগ করেন, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তোমাদের ও আমাদের মধ্যে যুদ্ধ শুরু হলো।’
এর আগে বেশকিছু প্রাণঘাতী সংঘর্ষের পর গত অক্টোবরে দুই পক্ষ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, যদিও এরপরও বিচ্ছিন্নভাবে লড়াই চলছিল।