রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মির্জা আব্বাসের শপথ স্থগিতের আবেদন নাসীরুদ্দীনের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের ফল বাতিল ও ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি, এই আসনে বিজয়ী ঘোষিত বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখারও অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দায়ের করা এই আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচনের দিন ব্যাপক কারচুপি, অনিয়ম এবং প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম নির্বাচন কমিশনে আবেদনটি জমা দেন। ১১ দফার ওই আবেদনে ১২টি কেন্দ্রের ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরে দাবি করা হয়, ‘মির্জা আব্বাস, তাঁর পরিবার এবং দলের নেতাকর্মীরা ভোট রিগিং, ফল আটকে রাখা এবং বাতিলকৃত ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো অনিয়মের আশ্রয় নিয়েছেন।’

আবেদনে আরও উল্লেখ করা হয়, ‘ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ও তার কর্মীবাহিনী কর্তৃক অনিয়মের আশ্রয় নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রিসাইডিং ও রিটার্নিং অফিসাররা নির্বাচনি অনিয়মে জড়িয়ে পড়েছেন। ফলে আমাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট। এ ছাড়া পোস্টাল ভোটে মির্জা আব্বাস পেয়েছেন ২৮১৪ ভোট এবং নাসীরুদ্দীন পেয়েছেন ২৫৫৫ ভোট।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102