ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে অভিযুক্ত আব্দুল বারেক খান (৫৫)কে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে মারধর করতেন এবং এলাকাবাসীর সঙ্গে ঝামেলায় জড়াতেন। এতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
স্বজনদের দাবি, ঘটনার আগের দিন শুভ বাবার কাছে তিন লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাড়িতে ভাঙচুর করেন। পরে স্থানীয় বাজার থেকে একটি দা কিনে এনে মা-বাবাকে টাকা না দিলে হত্যার হুমকি দেন। বিষয়টি স্ত্রী খুশি বেগম স্বামীকে জানালে নিরাপত্তার আশঙ্কায় তিনি রাতে অন্য ঘরে ঘুমান।
কাঠালিয়া থানা-পুলিশ জানায়, ভোররাতে আব্দুল বারেক খান ঘুমন্ত অবস্থায় ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে নিজেই ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবক মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের সদস্যদের হুমকি দিতেন। ঘটনার রাতে টাকা দাবি ও হত্যার হুমকির পর আতঙ্কিত হয়ে বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।