নতুন সরকারের শপথগ্রহণ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে এবং এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাকি আনুষ্ঠানিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রধান উপদেষ্টা গতকালও কাজ করেছেন, আজও করছেন। সংশ্লিষ্ট টিম ও মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে, যোগ করেন তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি পরে জানানো হবে। তবে সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে তিনি নিশ্চিত করেন।