চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশে এক সোনার খনিতে দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) খনির এক সুড়ঙ্গ পথে একটি খাঁচা পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।
জরুরি ব্যবস্থাপনা ও জননিরাপত্তা বিভাগগুলো দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে আর ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছে।
নেতৃস্থানীয় সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রি খনিটির মালিক। এ দুর্ঘটনার পর মঙ্গলবার ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির শেয়ার ৬ শতাংশ পড়ে গেছে। ঝাওজিন মাইনিং ইন্ডাস্ট্রির এক মুখপাত্র তদন্তের অধীনে থাকা এ দুর্ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দুর্ঘটনা প্রতিরোধ করতে একটি বৈঠক করেছে। এ লক্ষ্যে খনি, রাসায়নিক কোম্পানি ও অন্যান্য দুর্ঘটনাপ্রবণ প্রকল্পগুলো পরিদর্শন করা হবে বলে ঘোষণা করেছে তারা।
এর আগে শনিবার চীনের উত্তরাঞ্চলে এক জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত আটজন নিহত হন।