কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনি প্রচারণার সময় পেটের সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে মুফতি আমির হামজাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন সুস্থ আছেন বলে জানান তিনি।
কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মুফতি আমির হামজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন। এ সময় তার একাধিকবার বমি হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসক নিশ্চিত করেন।