ইঁদুরের কারণে কারখানার বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়েছে। বুধবার (০৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কারখানার পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দেয়, যা শর্টসার্কিট সৃষ্টি করে পুরো কারখানায় ব্ল্যাকআউটের কারণ হয়ে দাঁড়ায়। এ ঘটনা ঘটার পরই ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
কারখানার জিএম (অপারেশনস) মো. ফজলুল হক বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানান, দ্রুত মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে সম্ভবত শনিবার নাগাদ উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব হবে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকরা জানান, গত ২৩ মাস ধরে তীব্র গ্যাস সংকটের কারণে কারখানার উৎপাদন প্রায় বন্ধ থাকায় তা পুনরায় ২৪ নভেম্বর ২০২৫ শুরু হয়। তবে কখনো গ্যাসচাপ কমে যাওয়ায়, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে। এবার নতুন সমস্যা হিসেবে ইঁদুরের কারণে উৎপাদন থেমে গেল।
উল্লেখ্য, দীর্ঘ ২৩ মাসের গ্যাস সংকটের পর ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়। কিন্তু ২২ জানুয়ারি রাতে পুনরায় গ্যাস সংকট দেখা দেয় এবং একই সঙ্গে বুস্টার কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করতে হয়। পরে ১১ দিনের মেরামতের পর উৎপাদন আবার শুরু হয়।