ময়মনসিংহের ত্রিশালে রেললাইনে ওঠা একটি ট্রাককে ধাক্কা দিয়েছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস। এতে ট্রাকটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকচালক আহত হন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল উপজেলার ফাতেমা নগর থেকে বানিপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা যায়নি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন জানান, সকালবেলা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে ছিটকে যায়।
তিনি আরও বলেন, ট্রাকচালক আহত হলেও ট্রেন চলাচল ব্যাহত হয়নি। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।