ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তের অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারের একজন চায়ের দোকানদার ছিলেন।
আহতরা হলেন, একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রবি একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জের ধরে একই গ্রামের সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করেছিল। নিহত রবি ছিলেন সেই সুমনের চাচা এবং হামলায় আহত অন্যরাও একই পক্ষের অনুসারী। ওই পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান জানান, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’