বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নাবিকদের সুরক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান জাতিসংঘের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আন্তর্জাতিক নাবিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘের মহাসচিব বিশ্ব অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থায় নাবিকদের অপরিহার্য অবদানের কথা তুলে ধরে তাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকার ও সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

২৫ জুন আন্তর্জাতিক নাবিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় এ আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

বার্তায় বলা হয়, বিশ্বে ব্যবহৃত প্রায় ৯০ শতাংশ পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী—খাদ্য, ওষুধ থেকে শুরু করে জ্বালানি পর্যন্ত—সমুদ্রপথে পরিবহন করা হয়। আর এই বিশাল কার্যক্রম সচল রাখেন জাহাজ ও নাবিকরা, যারা বিশ্ব বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে নাবিকরা নানা ঝুঁকির মুখে পড়ছেন বলে উল্লেখ করা হয়। বিশেষ করে হরমুজ প্রণালিতে সাম্প্রতিক ঘটনাবলীর কারণে হাজার হাজার নাবিক আটকা পড়েছেন, যা আন্তর্জাতিক শিপিং খাতের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

এ বছরের আন্তর্জাতিক নাবিক দিবসের প্রতিপাদ্য ‘Carrying world trade. Carrying the risks.’ (বিশ্ব বাণিজ্য বহন করছে, ঝুঁকিও বহন করছে)। এই প্রতিপাদ্যের আলোকে মহাসচিব বলেন, নাবিকরা কখনোই ভূরাজনৈতিক সংঘাতের শিকার বা বলির পাঁঠা হতে পারেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইন মেনে চলা, শ্রমমান রক্ষা এবং কার্যকর সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, স্থলভাগে বসবাসকারী অনেক মানুষ শিপিং শিল্পের গুরুত্ব সম্পর্কে সচেতন নন। কিন্তু কোনো সংকট দেখা দিলেই এই খাতের অপরিহার্যতা স্পষ্ট হয়ে ওঠে। তাই আন্তর্জাতিক নাবিক দিবসে বিশ্বজুড়ে নাবিকদের সাহস, দক্ষতা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জাতিসংঘের এ বার্তায় বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খল সচল রাখতে নাবিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102