সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংসদ সদস্যদের ‘মান উন্নয়ন’ দরকার’: মান্না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

জাতীয় সংসদ সদস্যদের ‘মান উন্নয়ন’ করার কথা বলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, সংসদ হচ্ছে পুরা জাতির প্রতিবিম্ব। সেই প্রতিবিম্বের মধ্যে আপনি নিজের চেহারাই যদি দেখতে না পান, তাহলে সেটা আয়না হয় কী রকম করে? হতে পারে না তো!

রোববার (২১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিলে তিনি এসব কথা বলেন। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে নাগরিক ঐক্য এ গোলটেবিল আয়োজন করে।

‘জনতুষ্টিমুলক বাজেটের সালতামামি’ শিরোনামের এ বাজেট ভাবনায় মান্না বলেন, যদি অর্থনীতিকে আপনি মনে করেন, দৈনন্দিন জীবনযাত্রার যে বিষয়, সেটাই হচ্ছে অর্থনীতি, তাহলে বাজেট হলো আমাদের সেই দৈনন্দিন জীবনযাত্রার এক বছরের যে সালতামামি হবে, মানে হিসাব-নিকাশ, তারই একটা প্রতিফলন।

আলোচনায় অন্যদের মধ্যে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কবি সোহরাব হাসান ও লেখক আলতাফ পারভেজ অংশগ্রহণ করেন।

গেল ১১ জুন সংসদের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটের প্রায় ৬ লাখ কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

নাগরিক ঐক্যের সভাপতি মনে করেন, এই লক্ষ্য অর্জন করতে হলে এনবিআরে কাঠামোগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, প্রায় সোয়া ৯ লাখ কোটি টাকার বাজেটের মধ্যে প্রায় সাত লাখ কোটি টাকা তো আপনাকে উপার্জন করতে হবে। এর মধ্যে বড় লক্ষ্যটা উনি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডকে।

অর্থমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, এই বোর্ডের কোনো কাঠামো পরিবর্তন করা হয়নি; তা আগের মতোই আছে। গত বছরে এক লাখ কোটি টাকার ঘাটতি ছিল। তো এই বছর সেটা আদায় করতে পারবে?

‘যদি আদায় করতে না পারে, তাহলে কী করবে? আবার ব্যাংক থেকে টাকা ধার নেবে, তাই তো?’

এবারের প্রস্তাবিত বাজেটকে ‘চানাচুর’ মার্কা বাজেট বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বুধবার প্রধানমন্ত্রী বলেন, বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে মান্না বলেন, আবার দেখেন, প্রধানমন্ত্রী বলেছেন, ‘ট্যাক্স কমিয়ে দিলাম, তারপরেও বাজেটের সমালোচনা করে; এরা কি ভালো চায় দেশের?

মান্না বলেন, বাজেট একটা দিয়েছেন, সমালোচনা তো হবেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102