বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি বিরোধকে কেন্দ্র করে মসজিদে নামাজরত অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
রোববার (২১ জুন) জোহরের নামাজ চলাকালে উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আন্দারমানিক গ্রামের গোলেরহাট মসজিদে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান।
নিহত ব্যক্তি হলেন- নজরুল সরদার (৩৫)। তিনি মেহেন্দিগঞ্জের আন্দারমানিক গ্রামের কাঞ্চন সরদারের ছেলে। এছাড়া তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি পেশায় সৌদি প্রবাসী ছিলেন। গত দুই মাস আগে তিনি সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পু্লিশ সূত্রে জানা যায়, আগে থেকে নজরুলের সঙ্গে তার বড় ভাই হারুন সরদারের জমি নিয়ে বিরোধ ছিল। নজরুল দেশে আসার পর সেই বিরোধ আরও বেড়ে যায়। ঘটনার সময় নজরুল নামাজ আদায় করছিলেন। তখন বড় ভাই হারুন একটি ধারালো অস্ত্র নিয়ে সেজদা দিতে যাওয়ার সময় নজরুলকে একটি কোপ দেয়। তারপর আরও একাধিক কোপ দিলে নজরুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মীরগঞ্জ ফেরির কাছাকাছি পৌঁছালে নজরুল মারা যান। তার লাশ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনার সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসুল্লিদের অধিকাংশ প্রবীণ হওয়ায় কেউ হারুনকে নিবৃত করার সাহস দেখায়নি বলে জানা গেছে।
কাজিরহাট থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। অভিযুক্তকে আটকে অভিযান চলছে।