সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সন্ত্রাসবাদের দায়ে জর্ডানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬

জর্ডানে সন্ত্রাসবাদ ও সহিংস অপরাধসংক্রান্ত পৃথক মামলায় দোষী সাব্যস্ত ছয় ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে জর্ডানের সেনাবাহিনী ও জননিরাপত্তা বিভাগের সদস্যদের হত্যার অভিযোগ ছিল। খবর আনাদোলু এজেন্সির।

রোববার (২১ জুন) সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল-মোমানির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন ও রায় চূড়ান্ত হওয়ার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন ২০১৮ সালের বহুল আলোচিত একটি মামলার আসামি ছিলেন। ওই মামলায় একটি সন্ত্রাসী সংগঠন গঠনের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। সংশ্লিষ্ট হামলায় জননিরাপত্তা বিভাগ ও জর্ডান সশস্ত্র বাহিনীর একাধিক কর্মকর্তা ও সদস্য নিহত হন।

আরেকজনকে ২০২২ সালের একটি সন্ত্রাসবাদ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল, যেখানে এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করা হয়।

এ ছাড়া, দুই ব্যক্তি মাদক পাচারসংক্রান্ত মামলায় দণ্ডিত ছিলেন। ২০১৪ ও ২০১৭ সালে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সংঘটিত সহিংস ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

অন্যদিকে, ষষ্ঠ ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের একটি মাদকসংক্রান্ত মামলায় অভিযানের সময় এক পুলিশ সদস্য নিহত হওয়ার অভিযোগ ছিল। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জর্ডান সরকার বলেছে, দেশের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে সন্ত্রাসবাদ এবং সহিংস অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102