নৌবাহিনীর সাবেক চাকরিচ্যুত কর্মকর্তা ফারজানা তন্নীর বিরুদ্ধে নির্যাতন, স্বর্ণালঙ্কার ও জমির দলিল ছিনিয়ে নেওয়া এবং ঘরবাড়ি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার সৎ বোন ফারহানা তাবাসসুম।
রবিবার (২১ জুন) বেলা ১১ টায় বাগেরহাট ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে রামপাল উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের বাসিন্দা ও প্রয়াত অ্যাডভোকেট আবুল হোসেনের কন্যা ফারহানা তাবাসসুম বলেন, ২০২৪ সালের ২৩ নভেম্বর তার পিতার মৃত্যুর পরদিনই সৎ বোন ফারজানা তন্নী বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে এসে তাকে ও তার মাকে বাস্তুভিটা থেকে উচ্ছেদ করেন। পরে বাড়িতে তালা ঝুলিয়ে তাদের স্বর্ণালঙ্কার ও জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, খুলনা শহরের ৫০ নম্বর হাজী মহসিন রোডে তিন শতক জমির ওপর নির্মিত তিনতলা বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পত্তি থেকে তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই গ্রামীণ সম্পত্তি ও দলিলপত্র জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ২০২৫ সালের ২৮ জানুয়ারি ফারজানা তন্নীর নেতৃত্বে একদল লোক ফারহানা ও তার মায়ের ওপর হামলা চালায়। এতে তার মা গুরুতর আহত হন। পরবর্তীতে থানা পুলিশের উপস্থিতিতেও তাদের ওপর পুনরায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় তারা আদালতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নং: সি.আর-১৯৯/২৫)।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সম্পত্তি দখলের ধারাবাহিকতায় সম্প্রতি ১৬ ও ১৭ জুন স্থানীয় মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাজাহার ইসলাম সাজু এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. তাইজুল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অবৈধ উচ্ছেদের চেষ্টাও চালানো হয়। স্থানীয় জনগণ ও নারীদের প্রতিরোধের মুখে ওই চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে ফারহানা তাবাসসুম বলেন, বর্তমানে আমরা এতিম ও অসহায় পরিবার হিসেবে জীবননাশের হুমকি এবং চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ফারজানা তন্নী ও তার সহযোগীরা পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতা জাহিদুল ইসলামকে নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে ফারজানা তন্নী ও তার সহযোগীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, তাদের ন্যায্য সম্পত্তির অধিকার নিশ্চিতকরণ এবং নিরাপদে বসবাসের সুযোগ দিতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত ফারজানা তন্নীর বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।