বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মসজিদের কাজে বেরিয়ে বাড়ি ফেরা হলো না দুই সহোদরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬

মসজিদের জন্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই সহোদর ভাই।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত হয়েছেন আরও তিন জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দু’জন হলেন পুঠিয়া উপজেলার নকুলবাড়িয়া গ্রামের আব্দুল খালেক প্রামাণিক (৬৮) এবং হাচেন প্রামাণিক (৭০)। তারা দু’জনেই মৃত রিয়াজ উদ্দিন প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জিয়া (৪৫) এবং আরও দুই যাত্রী।

স্থানীয়দের দাবি, নকুলবাড়িয়া গ্রামের একটি মসজিদের জন্য সোলার প্যানেল ও প্রয়োজনীয় সরঞ্জাম কেনার উদ্দেশ্যে কয়েক জন গ্রামবাসী ইজিবাইকে করে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। সেই সময় রাজশাহী থেকে নাটোরমুখী ঢাকা মেট্রো-ট ১২-৭৪৪৪ নম্বরের একটি পণ্যবাহী ট্রাক বিপরীত দিক থেকে এসে বানেশ্বর এলাকায় ইজিবাইকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের অভিঘাত এতটাই প্রবল ছিল যে ইজিবাইকটি রাস্তার ধারে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আব্দুল খালেক প্রামাণিকের। অপর আহত হাচেন প্রামাণিককে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠান। তবে ঘটনার পরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পবা হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পলাতক চালক ও সহকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে নকুলবাড়িয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102