লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব ওই এলাকার মৃত শিয়াল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে বিকেলে শিশুটি তার বন্ধুদের সঙ্গে বাইরে বের হয়। একপর্যায়ে সে তার নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আবু তালেব তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে নিজের ভ্যানে তুলে নেয়। পরে নির্জন সড়কের পাশে একটি করাতকলের (স মিল) গ্যারেজে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
নির্যাতনের শিকার শিশুটি বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় গত ২৯ মে রাতেই হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিকে শনাক্তের চেষ্টা করছিল। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।