প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তিতে পৌঁছেছেন। শনিবার (১৬ মে) একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শনের উদ্দেশ্যে তিনি সড়কপথে ঢাকার বাসভবন থেকে রওনা হন।
চাঁদপুরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোদ খাল’ পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সদর উপজেলার ঘোসাহাট এলাকায় বিশ্বখাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এ সময় সেখানে আয়োজিত সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই চাঁদপুর-কুমিল্লা সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী জড়ো হন।
এদিকে বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।
সরকারি সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন এবং রাত সাড়ে ৯টার দিকে রাজধানীতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সফরটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।