যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন শান্তি প্রস্তাবের বিষয়ে ইরান আজ শনিবার রাতেই প্রতিক্রিয়া জানাতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৮ মে) স্থানীয় সময় রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি আজ রাতেই একটি চিঠি পাওয়ার আশা করছি। এরপর দেখা যাবে কী হয়।’ তবে তিনি প্রস্তাবের বিস্তারিত সম্পর্কে কিছু জানাননি।
এর আগে ইরানের দুটি তেলের ট্যাংকারে মার্কিন নৌবাহিনীর হামলার খবর প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নৌ-অবরোধ অমান্য করার চেষ্টা করায় জাহাজ দুটিকে অকার্যকর করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে যায়। পরবর্তী সময়ে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য সেই সমঝোতা হলেও পরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
এখন ইরানের আনুষ্ঠানিক জবাবের দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। বিশ্লেষকদের মতে, তেহরানের সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল-আরাবিয়া