,ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে।
বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের দায়িত্বের মেয়াদ আগামী ৩০ মে শেষ হওয়ার কথা রয়েছে। এরপরই নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন সুব্রামানি। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি।
এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন সুব্রামানি। এ ছাড়া ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতের ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘দ্য গারওয়াল রাইফেলস’-এ কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামরিক জীবনে প্রবেশ করেন এন এস রাজা সুব্রামানি। চার দশকের বেশি সময়ের দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষক পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।
শিক্ষাজীবনে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
দীর্ঘ সামরিক জীবনে অসামান্য অবদানের জন্য তিনি একাধিক রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।