ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছে। রোববার (৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক পরিবর্তন ওয়াশিংটনকে এক প্রকার কোণঠাসা অবস্থায় ঠেলে দিয়েছে।
আইআরজিসির ভাষ্যমতে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ এই পরিস্থিতির সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহারের বিষয়ে তেহরানের বেঁধে দেওয়া এক মাসের আল্টিমেটাম এবং ওয়াশিংটনের প্রতি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর পরিবর্তিত কঠোর অবস্থান। আইআরজিসি দাবি করছে, আন্তর্জাতিক অঙ্গনে মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের এই সুর বদল মার্কিন প্রশাসনের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান প্রেক্ষাপটকে বিশ্লেষণ করলে একটি বিষয়ই প্রতীয়মান হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটি কঠিন বিকল্পের মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে হবে। হয় তাকে ইরানের বিরুদ্ধে একটি ‘অসম্ভব সামরিক অভিযানে’ নামতে হবে, অথবা তেহরানের সাথে একটি ‘অপ্রীতিকর চুক্তিতে’ আসতে হবে।
এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়েই আইআরজিসি উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সামনে সিদ্ধান্ত গ্রহণের পথ এখন সরু হয়ে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এই প্রতিবেদনটি পরবর্তীতে ইরানের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার করা হয়।