সামান্য বৃষ্টি হলেই সড়ক দেখলে মনে হবে পার হতে লাগবে নৌকা। এমন দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরের প্রধান সড়কে। হালকা বৃষ্টিতে হাঁটু পানি জমে যেন খাল বা ছোট জলাশয়ে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ফুলবাড়ী পৌরসভার উর্বশী সিনে কমপ্লেক্স এলাকা ও কালীবাড়ী বাজার এলাকার রাস্তার পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৌর সদরের সড়ক উঁচু না করে নির্মাণ এবং সড়কের দুই পাশে নড়বড়ে ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টি হলেই সড়কগুলোতে আগে থেকে থাকা অসংখ্য গর্তে পানি জমে খালে পরিণত হয়ে যায়।
উর্বশী সিনে কমপ্লেক্স এলাকা ও কালীবাড়ী বাজার এলাকার রাস্তায় কাদা পানি জমে থাকায় চলাচল করতে পারছেন না পথচারীরা। পায়ে হেঁটে তো দূরের কথা, ঝুঁকি নিয়ে রিকশা ও ইজিবাইক দিয়েও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে সড়কের দুই পাশের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। সড়কে পানি জমে থাকার কারণে তাদের ব্যবসা লাটে উঠেছে। সড়কের বেহাল অবস্থার কারণে পৌর সদরের স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন গ্রাম থেকে আসা জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কার না করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে সড়ক বেহালদশায় পরিণত হয়। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায় পৌরসভার বিভিন্ন মহল্লার সড়কের ওপর। ফলে উর্বশী সিনে কমপ্লেক্স থেকে দক্ষিণ বাসুদেবপুর ও ফুলবাড়ী বাজারের মধ্যে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পৌর সদরের ভেতরের প্রায় সব রাস্তারই একই অবস্থা। কে দেখবে আমাদের এ দুর্ভোগ- এমন প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।