হোটেলের বাথরুমে নারীদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণের অভিযোগে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে আটক করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তারা জামিনে মুক্তি পান।
ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানায়, সপ্তাহের শুরুতে কলম্বোর নারাহেনপিতা এলাকার একটি হোটেলে অবস্থানরত কয়েকজন নারী অতিথি অভিযোগ করেন, তারা গোসল করার সময় অজ্ঞাতভাবে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা হচ্ছে। এই অভিযোগের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই ক্রিকেটারকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক শুনানির জন্য অভিযুক্তদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। আদালত তাদের প্রত্যেককে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি বন্ডে জামিন দেন এবং আগামী ২৫ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
এ ঘটনায় নারাহেনপিতা থানার পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ধারণকৃত ভিডিওগুলো কোনো অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন এক সময়ে এই ঘটনা ঘটলো, যখন দেশটির ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন চলছে।
সম্প্রতি সরকারি সিদ্ধান্তে আগের বোর্ড বাতিল করে একটি ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সাবেক তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশান মহানামা ও সিধাথ ওয়েত্তিমুনি অন্তর্ভুক্ত হয়েছেন। কমিটির নেতৃত্বে আছেন সাবেক সংসদ সদস্য ইরান বিক্রমারত্নে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়দের আচরণ ও শৃঙ্খলা বজায় রাখাও এখন শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে।