দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিনেই বাংলা প্রথমপত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪১ হাজার ২২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। তবে প্রথম দিনের পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম বলেন, এবার এসএসসি পরীক্ষা ভিন্নভাবে আয়োজন করা হয়েছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষা কার্যক্রম তদারকির জন্য বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম বিভিন্ন কেন্দ্রে আকস্মিক পরিদর্শন চালিয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের কঠোর নজরদারির ফলে চলতি বছরের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।