দাড়ি রাখলে গুনতে হবে ২০০ টাকা জরিমানা। একইভাবে, মহিলা কর্মীরা চুল না বাঁধলেও দিতে হবে জরিমানা। এমনই বিতর্কিত নির্দেশ জারি করেছে ভারতের লখনউয়ের ড. রামমনোহর লোহিয়া ইনস্টিটিউট। তবে এই নিয়ম কেবলমাত্র ‘আউটসোর্স’ কর্মীদের জন্য প্রযোজ্য হওয়ায় তা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
জানা গেছে, ওই হাসপাতালে প্রায় ৪ হাজার আউটসোর্স কর্মী রয়েছেন, যারা সরাসরি হাসপাতালের স্থায়ী কর্মী নন। তাদের জন্যই একগুচ্ছ কঠোর নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ।
নির্দেশ অনুযায়ী, দাড়ি রাখলে বা মহিলা কর্মীরা চুল না বাঁধলে ২০০ টাকা জরিমানা, পরিচয়পত্র না পরলে ১০০ টাকা জরিমানা, এবং কাজের সময় ঘুমানো, ধূমপান বা মদ্যপান করলে ৫০০ টাকা জরিমানা করা হবে।
এ ছাড়া গুরুতর ক্ষেত্রে শুধু জরিমানাই নয়, চাকরি থেকে বরখাস্ত এবং এফআইআর পর্যন্ত দায়ের করার কথাও বলা হয়েছে।
একই সঙ্গে, কাউকে না জানিয়ে অফিস থেকে বেরিয়ে গেলে বা অনুপস্থিত থাকলে ৫০০ টাকা জরিমানা, আর আগাম অনুমতি ছাড়া অনুপস্থিত থাকলে ২ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
কম্পিউটার অপারেটরদের কাজের সময় মোবাইল ফোন সঙ্গে না রাখার নির্দেশও দেওয়া হয়েছে, অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই নির্দেশের তীব্র বিরোধিতা করেছেন আউটসোর্স কর্মীরা। তাদের অভিযোগ, কেবল তাদেরই লক্ষ্য করে এই ধরনের নিয়ম চাপিয়ে দেওয়া হয়েছে, অথচ স্থায়ী কর্মীদের ক্ষেত্রে কোনো জরিমানার ব্যবস্থা নেই। পাশের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি এবং সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে এমন কোনো নির্দেশ নেই বলেও তারা দাবি করেছেন।