শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

অরবানকে হারিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
৯৭ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা যায়, ১৯৯টি আসনের সংসদে ৫৪ শতাংশ ভোট পেয়ে ১৩৮ আসনে বিজয়ী হয়েছেন মাগিয়ারের মধ্য ডানপন্থি টিসজা পার্টি। বিপরীতে ৩৮ শতাংশ ভোট পেয়ে ৫৫ আসনে জয় পেয়েছে ভিক্টর অরবানের ফিদেসজ পার্টি।

বুদাপেস্টের দানিয়ুর নদীর তীরে দেওয়া এক ভাষণে সব হাঙ্গেরিয়ানকে একত্র করার প্রতিশ্রুতি ব্যক্ত করে একে ঐতিহাসিক বিজয় হিসেবে মন্তব্য করেন পিটার মাগিয়ার। বলেন, আজ রাতে মিথ্যার ওপর সত্যের বিজয় হয়েছে।

পরাজয় মেনে নিয়ে ১৬ বছর ধরে ক্ষমতাসীন অরবান বলেন, নির্বাচনি ফল আমাদের জন্য দুঃখজনক, কিন্তু এটা পরিষ্কার।

পৃথিবীর দুই পরাশক্তি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট মিত্র অরবানের পরাজয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

এস্তোনিয়া : এস্তোনিয়ার প্রেসিডেন্ট ক্রিস্তেন মিশাল পিটার মিগারকে অভিনন্দন জানিয়ে এস্তোনিয়া, হাঙ্গেরি ও ইউরোপের একতা ধরে রাখতে তার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বলেন, একতাবদ্ধ ইউরোপে মুক্ত ও শক্তিশালী হাঙ্গেরি বিনির্মাণে দেশটির জনগণ এক ঐতিহাসিক রায় দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন : সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় ইউরোপীয় কমিশনের প্রধান উরসুল ভন দের লিয়েন জানান, হাঙ্গেরি ইউরোপকে বেছে নিয়েছেন।

বার্তায় তিনি আরও জানান, এ নির্বাচনে হাঙ্গেরির জনগণ ইউরোপিয়ান পথকে পুনরুদ্ধার করেছেন। ইউরোপ সবসময় তার পছন্দের জায়গায় হাঙ্গেরিকে স্থান দিয়েছে। বার্তায় হাঙ্গেরি ও ইউরোপের একতা সবাইকে শক্তিশালী করেছে বলে জানান তিনি।

ফিনল্যান্ড : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পিত্তেরি অর্পো বলেন, নির্বাচনে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সক্রিয় সদস্য হতে হাঙ্গেরির জনগণ তাদের শক্তিশালী ইচ্ছার জানান দিয়েছেন।

ফ্রান্স : পিটার মাগিয়ারের বিজয়ের পর, তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

জার্মানি : এক্স বার্তায় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ পিটার মাগিয়ারকে বিজয়ী শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, হাঙ্গেরির জনগণ ইউরোপের সাথে থাকার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শক্তিশালী, নিরাপদ ও সর্বোপরি ঐক্যবদ্ধ ইউরোপ গঠনে পিটারের সাথে কাজ করার প্রত্যাশার কথা জানান তিনি।

লিথুয়ানিয়া : লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদা পিটারকে অভিনন্দন জানিয়ে নির্বাচনি সাফল্য হাঙ্গেরির  জন্য বড় ধরনের বিজয় হিসেবে মন্তব্য করেছেন। পাশাপাশি গণতন্ত্র, ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠায় এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নরওয়ে : নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর বলেন, মাগিয়ারের সাফল্য ইউরোপের জন্য খুবই গুরুত্বপূর্ণ । ইউরোপ মহাদেশে শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় মাগিয়ারের সাথে ঘনিষ্ঠ  ও ঘটনমূলক সহযোগিতা বজায় রাখার ঘোষণা দেন তিনি।

পোল্যান্ড : রাশিয়াকে উপহাস করে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক মাগিয়ারের বিজয়কে স্বাগত জানিয়েছেন। বলেছেন, আবার একসাথে শুরু করা যাক, গৌরবান্বিত বিজয়, প্রিয় বন্ধু।

ইউক্রেন : এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন সবসময় ইউরোপের প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায়। বিবৃতিতে হাঙ্গেরিকে সহায়তায় সবসময় কিয়েভ প্রস্তুত বলে জানান তিনি।

যুক্তরাজ্য : মাগিয়ারের বিজয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, শুধু হাঙ্গেরির জন্য নয়, বরং সমগ্র ইউরোপের গণতন্ত্রের জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। বিবৃতিতে দুই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন তিনি।

যুক্তরাষ্ট্র : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর অরবান। ফলে মাগিয়ারের বিজয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। তবে দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যালঘু নেতা হাকীম জেফ্রিস বলেন, উগ্র ডানপন্থি একনায়ক ভিক্টর অরবান নির্বাচনে হেরেছেন। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প চাটুকার ও কট্টর মাগা সমর্থকরাও পরাজিত হবে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102