ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি চুক্তির ‘খুব কাছাকাছি’ পৌঁছে গিয়েছিল। রোববার (১২ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল।
আব্বাস আরাগচি আরও বলেন, ইসলামাবাদে যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র ‘কয়েক ইঞ্চি’ দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন ও অবরোধের মুখোমুখি হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে ছড়িয়ে পড়ে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়।
শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় গত মঙ্গলবার দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি শুরু হয়, সেই সঙ্গে একটি শান্তি আলোচনায় বসার সিদ্ধান্তও হয়।
গতকাল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে ওই আলোচনা শুরু হয়েছিল। কিন্তু ২১ ঘণ্টার এই আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়।